
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মিনি ট্রাক ও সিএনজির সংঘর্ষে সাত মাসের শিশুসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাভার উপজেলার মো: রুমানের সাত মাসের শিশু মেয়ে ইনফা ও সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স আনোয়ারা খাতুনের স্বামী নাজিমুদ্দিন (৬০)। নিহত নাজিমুদ্দিন দুই সন্তানের জনক ও ঢাকার ধামরাই উপজেলার দেবহাটি পূর্বপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর সদর থেকে ছেড়ে আসা মিনিট্রাক (ঢাকা মেট্রো-ঠ-১১-৫১৫৪) -এর সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সিনএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি সড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান শিশু ইনফা ও নাজিমুদ্দিন।
এ সময় সিএনজি চালকসহ তিনজন আহত হয়। আহতদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনের মধ্যে নিহত শিশু ইনফার মা হালিমা আক্তার (১৮) ও উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের সাইফুল ইসলামকে (৩০) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে সড়কের যানজট নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ