
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দা ব্রীজের কাছে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবুল কাসেম (৪৫) নামে এক চা দোকানী নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দৃর্ঘটনা ঘটে। আবুল কাসেম মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামের হবিবর মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাসেম ফুপার জানাজা শেষ করে কর্মস্থল গাড়াগঞ্জ বাজারে ফিরছিলেন। তিনি বড়দা ব্রীজের উপর ওঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্টো ট-১৪৫৩১৪ নামে একটি ট্রাক তার মোটরসাইকলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আবুল কাসেম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সোমবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে কুষ্টিয়ার ভাদালিয়া হাইওয়ে পুলিশ।
ভিন্নবার্তা ডটকম/আসিফ কাজল/এসএস