
দুই বাংলায়ই জনপ্রিয়তার পারদ তুঙ্গে অভিনেত্রী জয়া আহসানের। সিনেমায় একের পর এক দারুণ অভিনয় করে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন তিনি। সেই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছেন ‘চিরতরুণী’রূপী জয়া।
এসব নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে নিজের মতোই আছেন এই গুণী অভিনয়শিল্পী। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙাগড়াও কম করেননি। এবার আরেকবার ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। পশ্চিমবঙ্গের পরিচালক শিলাদিত্য মৌলিক’র নতুন ছবি ‘ছেলেধরা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
এর আগেও একই পরিচালকের ‘সোয়েটার’ ও ‘হৃদপিণ্ড’ নামের দুটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন জয়া। এবার তার ‘ছেলেধরা’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনুরাধা মুখোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ও ঈশান মজুমদারের মতো তারকারা।
একজন অ্যালকোহলিক মা ও মেয়ের অপহরণের গল্প নিয়ে এগিয়ে যাবে ‘ছেলেধরা’ সিনেমাটির কাহিনী। এতে দেখা যাবে, অপহৃত হওয়ার পর অপহরণকারীর ছেলেকে কিভাবে নিজের আয়ত্তে আনেন ওই অ্যালকোহলিক নারী। অপহরণকারীর ছেলেই যখন অপহরণের শিকার হয়, তখন অপহরণকারীর মানসিক অবস্থায় কোথায় গিয়ে দাঁড়াবে? এমন পটভূমিতেই নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।
এসব প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমের সাথে কথা বলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। তিনি বলেন, “ছেলেধরা’ পিতৃত্ব ও শৈশব নিয়ে তৈরি একটি গল্প। এখানে যে শুধুমাত্র অপহরণ আর অপরাধের কাহিনী উঠে আসবে, এমনটা নয়।”
অপহরণের মধ্যে দিয়ে কিছু মানুষের জীবন কীভাবে আবর্তিত হবে, তাদের ব্যক্তিগত দুর্বলতার কথা তারা কীভাবে বুঝতে পারবেন, সেগুলো এই ছবিতে দেখানো হবে বলেও জানান পরিচালক।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ