
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চরফ্যাশন উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন। সভার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মামুন হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যক্ষ মীর শরীফ হোসাইন, পৌর আমির অধ্যাপক মামুন আলম, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রায়হান, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি এ টি এম মাসুদ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব লোকমান হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।