
রাজধানীর সকল খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। তিনি বলেন, ইতিমধ্যেই ঢাকা শহরের সকল খাল সংস্কার করে পর্যায়ক্রমে হাতিরঝিলের আদলে এনে দৃষ্টিনন্দন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া, ঢাকা ও এর আশ-পাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত সদ্য সমাপ্ত হজ্ব ক্যাম্প থেকে বনরুপা হাউজিং পর্যন্ত খননকৃত খালের উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
ঢাকা ও এর আশ-পাশের বুড়িগঙ্গা, তুরাগসহ বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকার খালগুলোকে একটির সাথে আরেকটির সংযোগ করিয়ে এগুলোকে ওয়াটার ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহারের উপযোগী করে তুলতে পারলে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
মোঃ তাজুল ইসলাম বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে সকল জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি জনগণকে দেয়া তাদের প্রতিশ্রæতি এবং সংবিধানের মূলমন্ত্র অনুযায়ী কাজ করি তাহলে প্রধানমন্ত্রীর আভিষ্ট লক্ষ ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রুপান্তরিত করা তা সম্ভব হবে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, কাউন্সিলর মোঃ আনিছুর রহমান নাঈম এবং জাকিয়া সুলতানাসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।