
দিনের বেলায় নগীর উন্মুক্ত স্থান, রাস্তায় বর্জ্য ফেলা যাবে না বলে জানিয়ে দিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি এ বিষয়টি লক্ষ্য রাখতে ঢাকাবাসীকে অনুরোধ করেছেন। সোমবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
আমরা বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঢেলে সাজাচ্ছি উল্লেখ করে মেয়র আরো বলেন, এখন থেকে বর্জ্য ব্যবস্থাপনার সকল কার্যক্রম সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টার মধ্যে সম্পাদন করা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, সকাল ৬টার পরে ঢাকাবাসীকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া।
ঢাকাবাসীর পাশাপাশি ব্যাবসায়িক প্রতিষ্ঠান, দোকান মালিক ও ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, আপনারা দিনের বেলায় রাস্তায় কিংবা উন্মুক্ত স্থানে কোন ধরণের ময়লা-আবর্জনা ফেলবেন না। আমাদের বর্জ্য সংগ্রহকারীরা আপনাদের বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে ময়লা-আবর্জনা সংগ্রহ করে সিটি কর্পোরেশন নির্ধারিত কন্টেইনার বা অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে (এসটিএস) নিয়ে যাবেন। তাই দিনের বেলায় আপনাদের কোন ধরণের বর্জ্য জমা হলে তা রাস্তায় বা উন্মুক্ত স্থানে ফেলবেন না। সেজন্য শীঘ্রই আমরা নতুন আঙ্গিকে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করব।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ বদরুল আমিন ও ডিএসসিসি সচিব আকরামুজ্জামানসহ ডিএসসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।