
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার দুপুরে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে আয়োজিত ১০ উপজেলায় দায়িত্ব পালনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই প্রস্তুতিমূলক সমাবেশে এই নির্দেশনা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক এবং ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার কামরুন্নাহার বিপিএম, বিএএমএস, পিবিএম। তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ ও সুশৃঙ্খল বাহিনী। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দেশের ক্রান্তিকালে এই বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্রধান অতিথি আরও জানান, নেত্রকোণা জেলার নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ৮ হাজার ৭৮৮ জন আনসার ও ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে। নির্বাচনকে নিরাপদ আনন্দঘন ও শান্তিপূর্ণ করতে তাঁরা পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন।
নেত্রকোণা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশে জেলা কমান্ড্যান্ট মো. জিন্নাতুল ইসলামসহ বাহিনীর অন্যান্য ১০ উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে সদস্যদের নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।