
অবশেষে মধুমতি নদীতে নিখোঁজ হওয়া ছয় মাস বয়সী শিশু আনাসের লাশের সন্ধান মিলেছে। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সোয়া ১২টার দিকে ইতনা এলাকায় মধুমতি নদীতে আনাসের লাশ ভেসে উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে নিখোঁজের ২ দিন পর গত রবিবার (৩০ আগস্ট) মধুমতি নদীতে পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান মোল্যার লাশ মহিসাপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। নিখোঁজের চার দিন পর শিশুর লাশ মিলল।
উল্লেখ্য, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়ার কালনা ঘাট এলাকা থেকে লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্যার ছেলে পুলিশ কনস্টেবল আবু মুসা রেজওয়ান মোল্যা (২৮) তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয় মাস বয়সী শিশুপুত্র আনাসসহ ছয়জন মিলে নৌকা ভ্রমণে মধুমতি নদীতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফেরার জন্যে রওনা হলে কালনা ঘাটের কাছে এসে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে যায়। ফলে ট্রলারটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রচণ্ড স্রোত থাকায় দিশেহারা হয়ে পড়েন চালক। একপর্যায়ে দ্রুত গিয়ে ট্রলারটি নির্মাণাধীন মধুমতি সেতুর নদীর মাঝের শিটপাইলের সঙ্গে ধাক্কা খায়। পুলিশ কনস্টেবল আবু মুসা শিশুপুত্রকে নিয়ে নৌকার ওপর দাঁড়িয়ে ছিলেন। সজোরে ধাক্কা লাগায় আবু মুসা শিশুপুত্রকে নিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ